শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (SAURES)-এর উদ্যোগে আজ ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় শিক্ষকদের জন্য "Training Workshop on Data Protection, Safe and Secure Use of AI for SAU Faculties" শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় আধুনিক প্রযুক্তির নিরাপদ, দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SAURES-এর পরিচালক (রিসার্চ) অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, বিজ্ঞান প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে নিত্যনতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। এসব প্রযুক্তির কার্যকর ও বাস্তবভিত্তিক ব্যবহারে দক্ষতা অর্জন সময়ের দাবি। তিনি বলেন, বর্তমান সময়ে কৃষি গবেষণা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এআই ব্যবহারের পাশাপাশি গবেষণার উপাত্ত ((Data)-)-এর নিরাপত্তা নিশ্চিত করাও সমানভাবে জরুরি। তিনি গবেষণা ও একাডেমিক কার্যক্রমে এআই-এর নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সচেতনভাবে কাজ করার আহŸান জানান।
কর্মশালার মূল সেশনে প্রধান বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম তথ্যসমৃদ্ধ একটি কারিগরি উপস্থাপনা প্রদান করেন। তিনি এআই-এর বিভিন্ন টুলের ব্যবহার, গবেষণায় এর প্রয়োগ, তথ্য ও উপাত্ত সুরক্ষার কৌশল, সাইবার নিরাপত্তা এবং গবেষণার তথ্য নিরাপদ রাখার বিভিন্ন নীতিমালা ও উত্তম চর্চা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, SAURES বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যুগোপযোগী গবেষণা কার্যক্রমে উৎসাহিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির নিরাপদ ও কার্যকর ব্যবহারে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।



