রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টারে কৃষি বিপণন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

এগ্রিবিজ এন্ড টেক
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

মো: এমদাদুল হক:রাজশাহী কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে এবং ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় গত ১৩ জুন রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টারে আঞ্চলিক কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম. এম. আরিফ পাশা। কৃষি বিপণন অধিদপ্তর, রাজশাহীর কৃষি বিপণন এর উপপরিচালক শাহানা আখতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, পার্টনার প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আবদুল্লাহ আল-ফারুক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম. এম. আরিফ পাশা বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা না গেলে তারা ভবিষ্যতে চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলবে। তাই কৃষি ও কৃষককে টিকিয়ে রাখতে সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদিত পণ্যের দীর্ঘমেয়াদি সংরক্ষণ, আধুনিক হিমাগার স্থাপন এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্যের গুণগত মান ও বাজারমূল্য বৃদ্ধি করতে হবে। উৎপাদিত কৃষিপণ্য কৃষকের নিকট থেকে ৪০ কেজিতে ১ মণ হিসেবে ক্রয় করতে হবে। ৪৫–৫০ কেজির ঢলন প্রথা বাদ দিতে হবে। পার্টনার প্রকল্পের মাধ্যমে ফারমার্স হাব করা হচ্ছে, এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় ডিজিটাল বিপণন সুবিধা পৌঁছে দেওয়া হবে।

দিনব্যাপী এ কর্মশালায় রাজশাহী বিভাগের কৃষি বিপণন-সংশ্লিষ্ট কর্মকর্তা, সফল উদ্যোক্তা এবং বিভিন্ন অংশীজনসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় রাজশাহী বিভাগের কৃষি বিপণন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা কৃষিপণ্যের বাজারজাতকরণ, সংরক্ষণ এবং মূল্য সংযোজন বিষয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করেন এবং উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাঁদের পণ্যসমূহ অতিথিদের সামনে উপস্থাপন করেন।