ইসলামিক ডেস্ক:পবিত্র জুমার নামাজের দ্বিতীয় খুতবার শেষ অংশে খতিব সাহেবরা নিয়মিত পবিত্র কুরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তিলাওয়াত করেন, যা মানবজাতির ব্যক্তিগত ও সামাজিক জীবনের এক পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।
এই খুতবায় মূলত সমাজে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠা, আল্লাহর ইবাদতে একনিষ্ঠতা এবং ইহসান তথা প্রতিটি ভালো কাজ নিখুঁতভাবে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। একই সাথে নিকটাত্মীয়দের আর্থিক ও মানসিকভাবে সাহায্য-সহযোগিতা করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অপরদিকে, সমাজ থেকে সব ধরনের অন্যায় ও অশ্লীলতা দূর করার কঠোর নির্দেশ দিয়ে খুতবায় অবৈধ যৌন সম্পর্ক, পিতা-মাতার অবাধ্যতা, শিরক, মিথ্যা সাক্ষ্য এবং অন্যায়ভাবে প্রাণনাশের মতো ঘৃণ্য অপরাধগুলো বর্জনের আহ্বান জানানো হয়। এছাড়া, ইসলামী বিধান পরিপন্থী কর্মকাণ্ড ও দুর্বলদের ওপর সব ধরনের জুলুম-নিপীড়ন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
পরিশেষে, খুতবায় মানুষের পারস্পরিক অঙ্গীকার ও দৃঢ় শপথ পূর্ণ করার তাগিদ দিয়ে মনে করিয়ে দেওয়া হয় যে, আল্লাহ মানুষের প্রতিটি কাজের ব্যাপারে সম্পূর্ণ অবগত এবং তিনি মানুষকে এই উপদেশ দেন যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে।-আমিন





















