সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, পরিবেশকে দূষণমুক্ত এবং প্রকৃতিকে প্রাণবন্ত রাখতে বৃক্ষরোপণই সর্বোত্তম সমাধান। পরিবেশ ও প্রকৃতির শুদ্ধতা ও সজীবতা ধরে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ যেমন মাটির ক্ষয় রোধ করে, তেমনি ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখতেও সহায়তা করে। বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গাছের ভূমিকা অপরিসীম। ২৩ জুলাই (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্যোগে সিকৃবি ক্যাম্পাসের শোভাবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিকৃবি‘র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র সিলেট শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও এসএভিপি মোসাম্মত শপ্না বেগম, দরগা গেইট শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও এসভিপি মোঃ খুরশিদ আলম, মৌলভীবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও ভিপি মোহাম্মদ মুদাব্বির আহমদ, সুবিধবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও ভিপি আহমাদুর রশিদ চৌধুরী, গোয়ালাবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও এফএভিপি সিরাজ উদ্দিন তফাদার, দরগা গেইট শাখার ডেপুটি ম্যানেজার ও এভিপি মোসাম্মত হাসিনা আক্তারসহ বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, দপ্তর প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
মতবিনিময় সভা শেষে ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়ামের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্ভোধন করেন।
উল্লেখ্য, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র দেশব্যাপী চলমান ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।



