শেকৃবি প্রতিনিধিঃকুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ।
প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১' এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানুকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। তবে অবসর গ্রহণের বয়সসীমা পূর্বে চলে এলে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।
নতুন উপ-উপাচার্য তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্ত হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব সুচারুভাবে পালনের স্বার্থে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও অর্পিত দায়িত্ব পালন করবেন।



