সিভাসু’তে ‘রিডিফাইনিং ফিটনেস ফর অ্যা হেলদিয়ার বডি অ্যান্ড মাইন্ড’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘রিডিফাইনিং ফিটনেস ফর অ্যা হেলদিয়ার বডি অ্যান্ড মাইন্ড’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। রোটার‌্যাক্ট ক্লাব অব সিভাসু’র আয়োজনে এবং ছাত্রকল্যাণ দপ্তরের সমন্বয়ে গত শনিবার সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। 

পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল হক, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো: মতিউর রহমান, রোটারিয়ান সামিনা ইসলাম এবং রোটারিয়ান আব্দুল্লাহ আল মিলন। স্বাগত বক্তব্য প্রদান করেন রোটারেক্ট ক্লাব অব সিভাসু’র সভাপতি রোটারেক্টর স্বপ্নীল মাহমুদ এবং উপস্থাপনায় ছিলেন রোটারেক্টর ইসরাত জাহান ও রোটারেক্টর তাবাসসুম তাসনোভা খানম।   

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্স-এর ফিটনেস অ্যাডভাইজর আবু সুফিয়ান তাজ। তিনি তাঁর বক্তব্যে শারীরিক ফিটনেস, সঠিক খাদ্যাভ্যাস, মানসিক সুস্থতা এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তাঁর প্রাণবন্ত ও বাস্তবধর্মী উপস্থাপনা উপস্থিত শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

সেশনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। মূল বক্তব্য শেষে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি বক্তার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। অনুষ্ঠান শেষে অতিথি ও বক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি স্পন্সর করে রোটারি ক্লাব অব চিটাগং খুলশী।