এগ্রিলাইফ২৪ ডটকম:ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ওরল্যাবস’-এর এক বিশেষ সাধারণ সভা গতকাল রবিবার (৩১ মে) সন্ধ্যা ৭টায় সিমান্তে অবকাশ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন সংগঠনের প্রবীণ সদস্য সুলতান চাগতাই। সভায় বিভিন্ন ব্যাচের অসংখ্য সদস্য উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
১৯৭০, ১৯৮০, ১৯৯০ ও ২০০০-এর দশকের বিভিন্ন ব্যাচের সদস্যরা এতে অংশ নেন। ১৯৭৭ ব্যাচের সদস্য সাবির ইসলাম বলেন, “ওরল্যাবস আমাদের সবাইকে একসূত্রে বেঁধেছে। আজকের এই সভা প্রমাণ করল, আমরা এখনও ঐক্যবদ্ধ।” ১৯৮২ ব্যাচের প্রফেসর ড মো আফজাল হোসেন মত দেন, “তরুণ সদস্যদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে, তাদের পরামর্শ নেওয়া জরুরি।” ১৯৯১ ব্যাচের সদস্য আখতার মাসুদ উল্লেখ করেন, “ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠনকে সক্রিয় করতে তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদ সৃজন যুগান্তকারী সিদ্ধান্ত।”
সভার শুরুতে সুলতান চাগতাই সবাইকে স্বাগত জানিয়ে সংগঠনের ঐতিহ্য ও আগামীর চ্যালেঞ্জ তুলে ধরেন। সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবুল ইসলাম। তিনি বলেন, “দীর্ঘ আলোচনার পর আজ আমরা তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে মতামত নেব।”
প্রথম এজেন্ডায় আগামী নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠনের ব্যাপারে নির্বাচন কমিশনকে সুপারিশ করা হয়। ১৯৮৫ ব্যাচের সদস্য মো. আতিকুর রহমান লাবু বলেন, “এই তারিখটি সবার জন্য সুবিধাজনক। শীতের শুরুতেই আমরা আনন্দঘন পরিবেশে নির্বাচন করতে পারব।”
দ্বিতীয় এজেন্ডায় কার্যনির্বাহী কমিটির গঠন ও আকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গত ৯ জুন ২০২৫-এর সংশোধিত ২৫ সদস্যের কমিটিকে ৪১ সদস্যে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নবসৃজিত পদের মধ্যে রয়েছে সিনিয়র সহ-সভাপতি (১ জন), সহ-সভাপতি (৩ জন), যুগ্ম সাধারণ সম্পাদক (১ জন), সহ-সাংগঠনিক সম্পাদক (২ জন), সহ-ক্রীড়া সম্পাদক (১ জন), সহ-প্রচারণা ও প্রকাশনা সম্পাদক (১ জন), সহ-দপ্তর সম্পাদক (১ জন), সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক (১ জন), সহ-সাংস্কৃতিক সম্পাদক (১ জন), সহ-ছাত্র বিষয়ক সম্পাদক (১ জন), সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক (১ জন), সহ-উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক (১ জন) এবং নির্বাহী সদস্য (৭ জন)। ১৯৮২ ব্যাচের সদস্য ও ক্রীড়া সংগঠক সাদিকুল ইসলাম ডাব্লু বলেন, “ক্রীড়া সম্পাদকের সঙ্গে সহ-ক্রীড়া সম্পাদক রাখা খেলাধুলা ও তরুণ উদ্যোগকে আরও গতিশীল করবে।” ১৯৯২ ব্যাচের সদস্য ডা রাকিবুজ্জামান চৌধুরী বলেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সহ-স্বাস্থ্য সম্পাদক পদ সৃজনের প্রশংসা করে বলেন, “সদস্যদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এটি খুব কার্যকর উদ্যোগ।”
তৃতীয় এজেন্ডা ছিল ঢাকা ও আঞ্চলিক কমিটি গঠন। এ বিষয়ে দীর্ঘ মতবিনিময় হয়। প্রবীণ সদস্য ১৯৮৩ ব্যাচের আরিফ আহম্মেদ চৌধুরী বলেন, “বর্তমানে কেন্দ্রীয় কমিটিকেই শক্তিশালী করা জরুরি, আঞ্চলিক কমিটি পরে ভাবা যাবে।” অধিকাংশ সদস্য তাঁর সঙ্গে একমত পোষণ করেন। শেষ পর্যন্ত ঢাকা ও আঞ্চলিক কমিটি গঠনের প্রস্তাবটি বাদ দেওয়া হয়।
সভার শেষে সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ১৮ ডিসেম্বর নির্বাচনের পুর্বে নতুন সদস্য বৃ্দ্ধি করে ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের এই প্রাণের সংগঠনকে আরও দৃঢ় ও গতিশীল করতে সবার উপস্থিতি অপরিহার্য।”


