এগ্রিলাইফ২৪ ডটকম:হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শনিবার (১৩ জুন) “বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) মানদণ্ডের সাথে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মডুলার কারিকুলাম ও সিলেবাসের সমন্বয়” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে পৃষ্ঠপোষকতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সহকারী পরিচালক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। প্রথম দিনের কর্মসূচিতে উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি দুটি কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনের প্রথম সেশনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এর কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. শেখ শামীম হাসান এবং দ্বিতীয় সেশনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) -এর সাথে মডুলার কারিকুলাম ও সিলেবাসের সমন্বয় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও বাস্তবমুখী, ফলাফলনির্ভর ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়া তিনি কর্মশালার আয়োজক কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং কর্মশালার সফলতা কামনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য বজায় রাখতে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তিনি দক্ষতা-ভিত্তিক ও ফলাফলনির্ভর শিক্ষা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান ও কর্মসংস্থান উপযোগী দক্ষতা অর্জন করতে পারে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক(বিএনকিউএফ)-এর সঙ্গে একাডেমিক প্রোগ্রামের সামঞ্জস্য বিধান: আউটকাম-বেসড এডুকেশন (ওবিই) ভিত্তিক কারিকুলাম উন্নয়ন ও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, বিএনকিউএফ-এর অভিযোজন ও বাস্তবায়ন এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কারিকুলাম ম্যাপিংয়ের মাধ্যমে ইনটেন্ডেড লার্নিং আউটকামস(আইএলও) সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রোগ্রামসমূহকে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক(বিএনকিউএফ)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, ফলাফলভিত্তিক শিক্ষা (ওবিই) বাস্তবায়ন, শিক্ষণফলভিত্তিক পাঠ্যক্রম উন্নয়ন ও পাঠ্যক্রম মানচিত্রায়ণের মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





















