শেকৃবি প্রতিনিধি:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে “বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ ২০২৫” শনিবার (২০ জুন ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবদুছ সালাম, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ আবুল বাশার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ। বক্তারা কৃষি গবেষণার মানোন্নয়ন, উদ্ভাবনী প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই কৃষি উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরেন। তারা গবেষণা কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বাস্তবমুখী করার জন্য গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গবেষণা কার্যক্রম, অর্জন, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনা পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীরা গবেষণার গুণগত মান বৃদ্ধি, গবেষণা তহবিলের কার্যকর ব্যবহার এবং জাতীয় কৃষি উন্নয়নে গবেষণার অবদান আরও সম্প্রসারণের বিষয়ে মতামত প্রদান করেন।
সকালে শুরু হওয়া এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের কর্মশালা গবেষণার উৎকর্ষ সাধন এবং কৃষি খাতে নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে।





















