সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “এগ্রিফেস্টিভ্যাল ২০২৬”। ফেস্টিভ্যাল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
আজ ২৫ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এগ্রিফেস্টিভ্যাল ২০২৬-এর শুভ উদ্বোধন করেন। দুপুর ১২ টায় উদ্বোধনের পর কৃষি অনুষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় কৃষি অনুষদে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
পরে দুপুর ১২টা ৩০ মিনিটে কৃষি অনুষদের ব্যবহারিক মাঠ সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ এবং সবুজ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
দুপুর ১২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চ এলাকায় কৃষি অনুষদীয় ডিন ও এগ্রিফেস্টিভ্যাল ২০২৬ বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং এগ্রিফেস্টিভ্যাল ২০২৬ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিতত্ত্ব ও হাওর বিভাগের প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসাইন এর পরিচালনায় ফেস্টিভ্যাল উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টলের কার্যক্রম উদ্বোধন করা হয়। স্টলগুলোতে শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবনী প্রকল্প, কৃষি প্রযুক্তি, কৃষিপণ্য ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ক নানা তথ্য ও প্রদর্শনী উপস্থাপন করা হয়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, কৃষি কেবল একটি পেশা নয়, এটি আমাদের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। এগ্রিফেস্টিভ্যালের মতো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি শিক্ষাকে বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ কৃষিবিদদের দক্ষ, মানবিক ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।
পরে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এগ্রিফেস্টিভ্যাল ২০২৬ উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।
দিনব্যাপী উৎসবের বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক দর্শনার্থী অংশগ্রহণ করেন। উৎসবটি সিকৃবির প্রাণবন্ত শিক্ষা-সংস্কৃতি ও কৃষি উদ্ভাবনের ধারাকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।





















