শেকৃবির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করল SAU Alumni UK

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

শেকৃবি প্রতিনিধি:শিক্ষার উৎকর্ষ সাধন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে Sher-e-Bangla Agricultural University Alumni UK (SAU Alumni UK)-এর উদ্যোগে ‘Scholarship Award Program’ অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ জুলাই) ঢাকার সোবহানবাগস্থ এলাকার গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দুই কৃতী শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট, সনদ ও সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে অনার্স শেষ বর্ষে সর্বোচ্চ সিজিপিএ (৩.৯৯/৪.০০) অর্জনের জন্য নিলিমা আলী মৌমিকে ৬০ হাজার টাকা এবং প্রথম বর্ষে সর্বোচ্চ সিজিপিএ (৩.৯৪৭/৪.০০) অর্জনের জন্য কাজী নাবিলা আহমেদকে ৪০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী তুহিন । শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক। এছাড়া SAU Alumni UK-এর প্রতিনিধি দিলরুবা শবনম তুলি বক্তব্য রাখেন ।
 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন ‌তৈরি করে। এটি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে দেশ ও জাতির কল্যাণে তাঁদের মেধা, যোগ্যতা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান |

অন্যান্য বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের যথাযথ  স্বীকৃতি ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতেও এ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক, SAU Alumni UK-এর প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন | ‘Investing in Education, Inspiring the Future’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে SAU Alumni UK-এর অঙ্গীকার আরও একবার প্রতিফলিত হয়েছে।