রাঙ্গামাটিতে “পাহাড়ি কৃষির অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি প্রয়োগে তরুণ উদ্যোক্তার ভূমিকা” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খামারীর কথা
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয়, রাঙ্গামাটি অঞ্চলের আয়োজনে “পাহাড়ি কৃষির অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি প্রয়োগে তরুণ উদ্যোক্তার ভূমিকা” শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬ খ্রি.) রাঙ্গামাটির বনরূপাস্থ আঞ্চলিক কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহানাজ পারভীন, উপজেলা কৃষি অফিসার।

বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের কৃষিকে লাভজনক, আধুনিক ও টেকসই করতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। পাশাপাশি কৃষিতে তরুণ উদ্যোক্তা সৃষ্টি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চাহিদা। কৃষি তথ্য সার্ভিসের ডিজিটাল সেবা ও প্রযুক্তিভিত্তিক কার্যক্রম কৃষকদের দোরগোড়ায় তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দিনব্যাপী প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে বসতবাড়ির আঙিনা ও ছাদ বাগানে শাকসবজি চাষ, কৃষিতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার, Good Agricultural Practice (GAP), পাহাড়ি ফলের পুষ্টিগুণ ও ব্যবহার, সবজি থেকে কীটনাশকের অবশিষ্টাংশ অপসারণসহ কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন ডিজিটাল সেবা বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও কৃষি কল সেন্টার ১৬১২৩, কৃষক কার্ড, এআইসিসি কার্যক্রম এবং কৃষিভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহারের ওপর অংশগ্রহণকারী কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে বিভিন্ন এলাকার কৃষক, তরুণ উদ্যোক্তা ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পাহাড়ি কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল কৃষি সেবার গুরুত্ব সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেন।