কিশোরগঞ্জ জেলায় কৃষি তথ্য সার্ভিস ঢাকা অঞ্চলের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্মার্ট ফার্মিং ও পণ্য
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

সাবরিনা আফরোজ: ২২ জুলাই ২০২৬ কিশোরগঞ্জ জেলার সবজি ও ফল রপ্তানী বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদনের জন্য উদ্যোক্তা তৈরী বিষয়ক কৃষক প্রশিক্ষণ উপপরিচালক কার্যালয়ের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস ,আঞ্চলিক কার্যালয় ঢাকা এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মসীহুর রহমান, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস। 

প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন বাংলাদেশের সবজি ও ফলের আন্তর্জাতিক বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। রপ্তানিযোগ্য মানের পণ্য উৎপাদনের জন্য নিরাপদ চাষাবাদ, সঠিক কৃষি ব্যবস্থাপনা এবং জৈব উপকরণের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তবে প্রয়োগ করে আজকের কৃষকেরা আগামীতে  সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন—এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণের মাধ্যমে  শুধু নিজেরাই লাভবান হবেন না; বরং অন্য কৃষকদেরও উদ্বুদ্ধ করবেন এবং নিরাপদ, টেকসই ও লাভজনক কৃষি গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

ড. মোঃ সাদিকুর রহমান, উপপরিচালক , কিশোরগঞ্জ তার বক্তব্যে বলেনআমাদের দেশের মাটি দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটির উর্বরতা ও জীববৈচিত্র্য রক্ষায় জৈব সারের ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। একই সঙ্গে জৈব সার উৎপাদন একটি সম্ভাবনাময় কৃষিভিত্তিক ব্যবসা, যা নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পারে।  এ ধরণের প্রশিক্ষণ কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে ধাবিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন আবু নোমান ফারুক আহম্মেদ, অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,ঢাকা,মুহাম্মদ হারুন অর রশীদ, জেলা প্রশিক্ষণ অফিসার, কিশোরগঞ্জ , মোঃ শাহীনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ। প্রশিক্ষণে উচ্চমূল্য, বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের গুরুত্ব, বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদনে অনুসরণীয় বিষয়সমূহ,কৃষি পণ্য রপ্তানীকরণে করণীয় বিষয়সমূহ, কীটনাশকের সঠিক ব্যবহারসহ বিভিন্ন ফসলের উৎপাদন কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। সাবরিনা আফরোজ, আঞ্চলিক কৃষি তথ্য অফিসারের সমন্বয়ে আয়োজিত উক্ত প্রশিক্ষণে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন  কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।