চাঁপাইনবাবগঞ্জে সফলভাবে সম্পন্ন হলো তিন দিনব্যাপী আম মেলা

স্মার্ট ফার্মিং ও পণ্য
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

মো: আমিনুল ইসলামঃরফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী আম মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার-শনিবার (১৮-২০ জুন) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত এ মেলায় জেলার উৎপাদিত ১৮৩ জাতের আমের নাম ও স্থান-ট্যাগসহ প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আম প্রক্রিয়াজাতকরণ বিষয়ে বক্তব্য রাখেন, কৃষি উদ্যোক্তা মুনজের আলম।

অনুষ্ঠানে আম প্রক্রিয়াজাতকরণ বিষয়ে বক্তব্য দেন কৃষি উদ্যোক্তা মুনজের আলম। স্বাগত বক্তব্য প্রদান করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুনাইন বিন জামান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ এর জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শরফ উদ্দীন।

বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ দেশের "আমের রাজধানী" হিসেবে সুপরিচিত। এখানকার আম দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করেছে। আমের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান বজায় রাখা এবং রপ্তানি সম্প্রসারণে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে আমচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষক, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে এ ধরনের মেলার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, কৃষক, কৃষি উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০০ জন অংশগ্রহণ করেন।