নাহিদ বিন রফিক (বরিশাল): সবুজ পরিবেশ আগামী নিশ্চয়তা এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বৃক্ষরোপণ কার্যক্রম। এ উপলক্ষ্যে আজ নগরীর ব্রির ক্যাম্পাসে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রি‘র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এস এম নাহিদ বিন রফিক এবং ব্রি‘র বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ প্রান্ত।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অর্ধশতাধিক কৃষকের মাঝে নারিকেলের চারা বিতরণ করেন। এসময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সারাদেশে ৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। সে তুলনায় ব্রি বরিশালের উদ্যোগে ২ শ’ ৪০ জন কৃষককে দেওয়া ফলের চারা বিশাল দিঘির মধ্যে এক ঘটি পানির সমান। তবে জাতি-ধর্ম নির্বিশেষে আমরা যার যার স্থান হতে ভূমিকা নেই, তাহলে এর চেয়েও বেশি বৃক্ষ রোপণ করা সম্ভব।
তিনি আরো বলেন, ফলদ-বনজ-ওষুধি যেকোনো গাছের চারা লাগানোর পূর্বে স্থান নির্বাচন, রোপণ দূরত্বসহ অন্যান্য পরিকল্পনা গ্রহণ করা জরুরি। বিশেষ করে ফলদ গাছের চারার ক্ষেত্রে আগে গর্ত তৈরি করে সেখানে পরিমাণমতো সার দিয়ে রোপণ করতে হবে। এর পরে বেড়া দেওয়ার ব্যবস্থা, বছর বছর সার প্রয়োগ আর সময়মতো যতœ নিলে কয়েক বছরের মধ্যেই এক একটি গাছ সম্পদে পরিণত হবে।



