এগ্রিলাইফ২৪ ডটকম: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০ জুলাই ২০২৬ তারিখে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কৃষকদের মাঝে ফলজ গাছের চারা, সবজির বীজ ও সার বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষকদের মাঝে কদবেল, সফেদা, শরিফা, তাল, খেজুর, সুপারি, কাঁঠাল, আতা, তেঁতুল, মালটা ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির মোট ৩,১০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি কৃষক ৫টি ফলজ চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ২৫ কেজি গোবর সার পান।
একই দিনে গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষিপ্রণোদনা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৩০০ গ্রাম বিভিন্ন সবজির বীজ (কলমি শাক ১৬০ গ্রাম, পুঁইশাক ১০০ গ্রাম, লাউ ১৫ গ্রাম, চালকুমড়া ৫ গ্রাম, বেগুন ৫ গ্রাম, শসা ৫ গ্রাম এবং মিষ্টি কুমড়া ১০ গ্রাম) এর পাশাপাশি ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তাজমিন আলম তুলি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ এহসানুল হক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মেহ্লা অং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বিশ্বনাথ তংচংগা এবং উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি অফিস জানায়, এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের ফল ও সবজি উৎপাদনে উৎসাহিত করার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



