আহমেদ আলী:জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মোহাম্মদ মজিবর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে ০৩ দিনব্যাপি জাতীয় ফল মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,খামারবাড়ি, জয়পুরহাট এ মেলার আয়োজন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল মামুন মিয়া, জেলা প্রশাসক, জয়পুরহাট।
কৃষিবিদ এ,কে,এম সাদিকুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাট এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রানা প্রধান, প্রশাসক, জেলা পরিষদ, জয়পুরহাট। এছাড়াও পুলিশ বিভাগ, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী, পৌরসভা; বিভাগীয় বন কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপপরিচালক (বীবি), বিএডিসি; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট; বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, অধ্যক্ষ, জয়পুরহাট সরকারি কলেজ, জেলা তথ্য অফিসার, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর এর কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ রাফসিয়া জাহান, উপজেলা কৃষি অফিসার, জয়পুরহাট সদর। অনুষ্ঠান শুরুতেই অতিথিবৃন্দ ফল মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন এবং স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। মেলায় দেশী বিদেশী ফলের ৬টি স্টল অংশগ্রহণ করে।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের মাটি উর্বর, আবহাওয়া অনুকূল এবং ফল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। আম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, আনারস, পেঁপে, মাল্টা, ড্রাগনসহ বিভিন্ন ধরনের ফল দেশে উৎপাদিত হচ্ছে। এসব ফল শুধু আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে না বরং কৃষকের অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমাদের দেশে প্রতিবছর বিপুল পরিমাণ ফল উৎপাদিত হলেও সংরক্ষণের অভাবে অনেক ফল নষ্ট হয়ে যায়। তাই ফল উৎপাদনের পাশাপাশি ফল সংরক্ষণের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি, হিমাগার, প্রক্রিয়াজাতকরণ এবং সঠিক বিপণন ব্যবস্থার মাধ্যমে ফলের অপচয় কমানো সম্ভব। যদি আমরা ফল সংরক্ষণ করতে পারি, তবে সারা বছর দেশীয় ফলের চাহিদা পূরণ করা সহজ হবে এবং কৃষকও ন্যায্যমূল্য পাবেন।
অতিথিবৃন্দ আরো বলেন, ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। ফলের ভিটামিন, খনিজ লবণ ও আঁশ আমাদের সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। তাই প্রতিটি পরিবারে নিয়মিত ফল খাওয়ার আহ্বান জানান। আসুন, আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বার মাস; পুষ্টি, সমৃদ্ধি ও সুখী বাংলাদেশ গড়বো একসাথে।”





















