সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

গভর্নমেন্ট

ফাহমিদা আক্তার:মৌলভীবাজারে সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ সকালে মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ আয়োজনে মৌলভীবাজারের আকবরপুর বিএআরআই মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. কাওছার উদ্দিন আহাম্মদ। 

প্রধান অতিথি বক্তব্য বলেন, গবেষণার মাধ্যমে কৃষিতে নতুন নতুন জাত উদ্ভাবন হচ্ছে। আর এগুলো মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে কৃষি সংশ্লিষ্ট দপ্তর গুলোর কাজ। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম এবং কৃষি সম্প্রসারণের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা প্রয়োজন। তিনি কৃষকের চাহিদভিত্তিক গবেষণা, আধুনিক ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষির টেকসই উন্নয়নে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন।

কর্মশালায় সিলেট বিভাগের ০৪টি জেলার  বিভিন্ন গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষিবিদ এবং কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। দুই দিনব্যাপী এ কর্মশালায় আঞ্চলিক গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের জন্য বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।