রাজশাহীতে সাশ্রয়ী মূল্যের ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন, বস্তি ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ সুবিধা

সমসাময়িক

এগ্রিলাইফ২৪ ডটকম: সাধারণ মানুষ, বিশেষ করে রাজশাহী শহরের বস্তিবাসী ও স্বল্পআয়ের জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ‘রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল’-এর উদ্যোগে এবং হোসনে আরা মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক সহযোগিতায় রাজপাড়া ডিঙ্গাডোবা মিশনমোড়স্থ মীর আইউব আলী বিদ্যানিকেতনের নীচ তলায় প্রতিষ্ঠিত হয়েছে ‘হোসনে আরা মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’। শুক্রবার বিকেল ৫টায় এই সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন রোটারিয়ান পিপি ডা. মো. হেমায়াতুল ইসলাম আরিফ, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, ডি-৬৪, বাংলাদেশ। তাঁর সূচারু ও শাণিত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সুষ্ঠু ও গতিশীলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে আলহাজ হাফেজ মো. রফিকুল ইসলাম পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন রোটারিয়ান ডা. মো. গোলাম মওলা, সেক্রেটারি, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. হাবিবুর রহমান, পরিচালক (স্বাস্থ্য), পরিচালক স্বাস্থ্য কার্যালয়, রাজশাহী বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল অফিস, রাজশাহী; অধ্যাপক মো. সরওয়ার জাহান, অধ্যক্ষ, নওগাঁ সরকারী মহিলা কলেজ; এবং বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ। 

সম্মানিত অতিথি হিসেবে রোটারিয়ান অধ্যাপক ড. সৈয়দ শাহ আলম, প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়, রিয়াদ, সৌদিআরব অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে হোসনে আরা মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ও মানবসেবা অভিজান-এর মধ্যে পারস্পরিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। স্বাক্ষর শেষে ফটোসেশন অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রোটারিয়ান ডা. তাহসিনা শামিম তাসু, ভাইস প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল; রোটারিয়ান মো. একরাম হোসেন, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী; রোটারিয়ান এ. কে. এম. এনামুল হক, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী ও রোটারিয়ান নাজমুল হক, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব রাজশাহী শাইনিং । সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, সভাপতি, হোসনে আরা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার ও ডিরেক্টর, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল। 

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে রাজশাহী অঞ্চলের প্রতিটি নাগরিক মাত্র ১০০ টাকা পরামর্শ ফি-তে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, শহরের বস্তি এলাকা (স্লাম) এবং নিম্নআয়ের রোগীদের কথা বিবেচনা করে সমস্ত ব্লাড, ইসিজি ও আলট্রাসাউন্ড (USG) পরীক্ষায় ৫০% বিশেষ ছাড় প্রদান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে রাজশাহীর প্রান্তিক মানুষজন যাতে মানসম্মত স্বাস্থ্যসেবা পায় এবং চিকিৎসা খরচের কারণে কোনো রোগী যাতে পিছিয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে মীর আইউব আলী বিদ্যানিকেতনের পরিচালক জনাব শফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, রাজশাহী শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রোটারিয়ানবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই কেন্দ্রটি রাজশাহী অঞ্চলের সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে জনস্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে।