শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার শাজাহানপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল আইসক্রিম তৈরির অপরাধে 'বেবী আইসক্রিম' কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় যৌথ অভিযানে মাঝিড়া বাইপাস এলাকায় 'বেবী আইসক্রিম' কারখানায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া অফিসের ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান,উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সিএম) দেলোয়ার হোসেন।
বিএসটিআই সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, সঠিক কাঁচামাল ব্যবহার না করা এবং অন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে পণ্য বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে 'বিএসটিআই আইন, ২০১৮' অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুল রাজ্জাককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় কারখানা থেকে আইসক্রিম তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশন ভূমি জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















