এগ্রিলাইফ ডেস্ক:দেশজুড়ে পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। একই সঙ্গে শিশুদের পরিবেশ সচেতন করে তুলতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিরও উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ বিষয়ে বিভিন্ন শ্রেণি পেশার যত জন ব্যক্তির সাথে আমার মেশার সুযোগ হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব আমার কাছে মনে হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। উনি যখন প্রধানমন্ত্রী হননি, তখন থেকেই পরিবেশ বিষয়কে অগ্রগণ্য হিসেবে বিবেচনা করতেন। তারই জোরালো বহিঃপ্রকাশ হলো নির্বাচনী প্রতিশ্রুতিতে ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশগ্রহণ। শুধু কর্মসূচি ঘোষণাই নয়, তা বাস্তবায়নের পদ্ধতিও আমাদের মুগ্ধ করে। তিনি কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন পেশাজীবীদের যুক্ত করার যে কৌশল নির্ধারণ করেছেন, তাই প্রমাণ করে বর্তমান সরকার জনবান্ধব সরকার।
এসময় তিনি আরও বলেন, ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ সরকারের আরও একটি অনন্য কর্মসূচি। একটি শিশু যখন একটি গাছ লাগাবে তখন সেই গাছের প্রতি পিতা-মাতার মমত্ব তৈরি হবে, স্কুল প্রাঙ্গনে গাছ লাগালে স্কুলের শিক্ষকদের মধ্যে মমত্ব তৈরি হবে। পাশাপাশি সরকার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পাটের স্কুল ব্যাগ বিতরণ করা হবে, যা একটি কৃষিজাত পণ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যেমন দূরদর্শী নেতৃত্ব দিয়েছেন, তেমনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও দেশকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করছেন। বর্তমান সরকার বিগত ৪ মাসে যে কাজ করেছে, বিগত সরকার ১৭ বছরেও সেসব কাজ হাতে নেওয়ার সাহস করতে পারেনি।
এসময় তিনি আরও বলেন, বিগত সরকার বন নষ্ট করেছে, বনবিভাগের জমি দখল করেছে, পরিবেশ নষ্ট করেছে। পরিবেশের এই ক্ষতি উপলব্ধি করেই মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচিতে নানা পেশাজীবী নানা প্রতিষ্ঠানকে অংশীদার হিসেবে গ্রহণ করেছে।
বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি'র উপরে মানুষ নির্ভর করে বলে, বিএনপিকে নিরাপদ মনে করে বলে ভোট দিয়ে নির্বাচিত করেছে। কিন্তু ৭১'র গণহত্যাকারী গোষ্ঠী আর ২৪'র গণহত্যাকারী গোষ্ঠী বিএনপি'র সাফল্যে ঈর্ষান্বিত। কিন্তু জনগণের দল হিসেবে প্রধানমন্ত্রীর কাজকে এগিয়ে নিতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, পথ চলতে হবে।
এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) এর আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি, ঢাকা-১৯; জনাব শহীদুল ইসলাম বাবুল এমপি, ফরিদপুর-৪; বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. শাহজামান খান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।



