ডুমুরিয়ায় জেডআরএফ’র উদ্যোগে চারা ও আমন ধানের বীজ বিতরণ

সমসাময়িক

নিজস্ব প্রতিবেদক:খুলনার ডুমুরিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা ও উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর উদ্যোগে ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর বাদামতলা মাদ্রাসায়ে মদীনা মাঠে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।

চারা বিতরণের পূর্বে মাঠ প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথিরা আধুনিক কৃষি প্রযুক্তি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

শহীদ জিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেড আর এফ খুলনা বিভাগীয় মনিটর কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। কৃষি প্রযুক্তি ও ধান চাষ: গাছের চারা রোপণ পদ্ধতি এবং আধুনিক ধান চাষ প্রযুক্তির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডুমুরিয়া ও ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা এবং কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন।

চারা ও বীজ বিতরণআলোচনা সভা শেষে স্থানীয় বাসিন্দাদের মাঝে পরিবেশবান্ধব ও ফলজ গাছের চারা এবং কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে ধানের বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল:গাছের চারা: নিম, বহেরা, কাঁঠাল ও কদবেলের চারা। এছাড়াও উন্নত জাতের উফশী ও হাইব্রিড রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়।

স্থানীয় সমাজসেবক জয়নাল আবেদীনের পরিচালনায় এবং সমাজসেবক শেখ মশিয়ূর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোসহ সকল মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জনাব ওমর ফারুক।