এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে সরকার।
আজ টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নির্মাণাধীন ৬৮০ ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন উচ্চ জলাধারের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের প্রকল্প উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে।
তিনি আরও বলেন, টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এবং আশেকপুর বাইপাস এলাকায় ওভারহেড পানির ট্যাংক নির্মিত হলে শহরের স্থানীয় বাসিন্দারা নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের সুবিধা পাবেন, যা জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী টাঙ্গাইল পৌরসভার আওতাধীন আশেকপুর বাইপাস এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে আরও একটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।





















