
রাজধানী প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের পবিত্রতা, সংযম ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে এনিমেল হেলথ খাত সংশ্লিস্টদের সম্মিলনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর আয়োজনে আজ রাজধানীর অভিজাত রেডিসন ব্লু হোটেল ঢাকা-এক ফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েমুল হক এবং মহাসচিব আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, আহকাব-এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্য ও আমন্ত্রিত প্রায় তিন শতাধিক অতিথির অংশগ্রহণে ইফতার মাহফিলটি এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন হয়।
রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, মানবসেবা ও নৈতিকতার মাস এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করলেই সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়। সেই সঙ্গে দেশের প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং প্রাণীস্বাস্থ্যের মানোন্নয়নে এনিমেল হেলথ সেক্টরের ভূমিকার কথাও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ, সচেতনতা কার্যক্রম ও নীতিনির্ধারণী সহযোগিতার মাধ্যমে দেশের এনিমেল হেলথ সেক্টরকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই খাতের পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
দোয়া ও ইফতারের মাধ্যমে শেষ হওয়া এই মাহফিল রমজানের শান্তি ও সহমর্মিতার বার্তা আরও একবার সবাকে মনে করিয়ে দেয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন।
























