
মোঃ গোলাম আরিফঃ পাবনা সদরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ কন্দ বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, পাবনা সদর, পাবনা’র প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিনব্যাপি প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পেঁয়াজ অতি গুরুত্বপূর্ণ ও অর্থকরী মসল ফসল। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ কন্দ ও বীজ আমদানি করা হয়। এতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। ২০২৪-২৫ অর্থ বছরে শীতকালীন পেঁয়াজ সংরক্ষণ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদের ফলে আমরা ৩০ হাজার কোটি টাকার পেঁয়াজ আমদানি থেকে রক্ষা পেয়েছি। গ্রীষ্মকালীন পেঁয়াজ কন্দ ও বীজ উৎপাদন দেশের পেঁয়াজের ঘাটতি মেটাতে এবং আমদানি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অসময়ে বাজারে সরবরাহ নিশ্চিত করে, ফলে চড়া দাম নিয়ন্ত্রণে থাকে। তিনি আরো বলেন, গ্রীষ্মকালে পেঁয়াজ কন্দ ও বীজ উৎপাদনে বিশেষ পরিচর্যার প্রয়োজন পড়ে। এজন্য জমি নির্বাচন, তাপমাত্রা, আগাছা, সেচ ও নিষ্কাশনের প্রতি নজর দিতে হবে। কন্দ বীজ উৎপাদন করে এয়ার ফ্লো মেশিনে সংরক্ষণ ও পরবর্তী গ্রীষ্মকালীন মৌসুমে চাষাবাদ করে দেশের চাহিদা মেটাতে উপস্থিত সকল কৃষকের আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শৈলেন কুমার পাল এর সঞ্চালনায় দিনব্যাপি প্রশিক্ষণে মসলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ, বগুড়া’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুর আলম চৌধুরী; জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম; অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নুরে আলম; অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম; পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাকিরুল ইসলাম প্রশিক্ষণে পেঁয়াজ বীজ উৎপাদনে আধুনিক কলাকৌশল, সার প্রয়োগ, রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা, বীজ সংগ্রহ এবং সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে পাবনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রীষ্মকালীন পেঁয়াজ কন্দ বীজ উৎপাদনকারী কৃষক/কৃষাণী ও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
























