বাকৃবি‌তে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

বাকৃবি প্রতিনিধি:“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপ।

আজ বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় দিবসটি উদযাপন উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কমপ্লেক্স ভবনের সামনে প্রদক্ষিণ করে রোভার স্কাউট ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

স্কাউট সূ‌ত্রে জানা যায়, প্রতি বছর ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়। এই দিনটি বাংলাদেশের স্কাউট আন্দোলনের ইতিহাস, অর্জন ও মূল্যবোধ স্মরণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ড. মো. জহিরুল আলম বলেন, ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় এবং নতুনভাবে সংগঠিত হয়। দেশের তরুণদের সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি শুধু ব্যক্তিগত উন্নয়নই নয়, সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখছে। বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সদস্যরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গৌরবের সঙ্গে অবদান রেখে চলেছে। আগামী দিনগুলোতেও রোভার স্কাউটের সঙ্গে সম্পৃক্ত থেকে তারা দেশের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”