এগ্রিলাইফ২৪ ডটকমঃবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), সরেজমিন গবেষণা বিভাগ, দৌলতপুর, খুলনার উদ্যোগে সোমবার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলায় কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে ডুমুরিয়া মডেল মসজিদ প্রাঙ্গণে এবং বিকেলে বটিয়াঘাটা উপজেলার নর নারায়ণ মন্দির মঠ, ফুলতলা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় কৃষকের মাঝে ২ হাজার ফলজ চারা বিতরণ করা হয়।
বটিয়াঘাটা উপজেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খান। তিনি বক্তব্যে বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে এসব কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বৃক্ষের চারা রোপণের পাশাপাশি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের আহবান জানান। আমীর এজাজ খান মন্দির মাঠে একটি কদবেলের চারা রোপণ করেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ দৌলতপুর খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় মনিটর (কৃষিবিদ) ড. এস. এম. ফেরদৌস।
চারা বিতরণের আগে ফলজ গাছের চারা রোপণ ও পরিচর্যা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণমূলক আলোচনা করেন সরেজমিন গবেষণা বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. মহসীন হালাদার, তাজরীন সুরাইয়া মুনমুন ও মুস্তাফা কামাল শাহাদাৎ এবং সায়েন্টিফিক অফিসার মাশফিকুর রহমান। উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা ও বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, সায়েন্টিফিক এ্যাসিসটেন্ট খায়রুল আনাম, মোঃ আসাদুজ্জামান, স্বপন রায়, মশিউর রহমান ও বিপুল কুমার বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ধ্রুব জ্যোতি, উপ-সহকারী কৃষি অফিসার দীপন কুমার মন্ডল, বটিয়াঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর আহ্বানে পাঁচ বছরে ২৫ কোটি চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স (PARTNER)’ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ কৃষকদের মাঝে বারি উদ্ভাবিত কদবেল, কাঁঠাল, আম ও মাল্টার চারা বিতরণ করে।



