সিকৃবি প্রতিনিধি: "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
পরিবেশের স্বাভাবিক প্রয়োজন মেটাতে এবং মানব সভ্যতার বিকাশের জন্য আমাদের সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে," বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। তিনি আরও যোগ করেন, "সবুজ বিপ্লবের মাধ্যমেই দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।"
আজ ১০ জুন (বুধবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এই কেন্দ্র ঘোষিত ‘মাসব্যাপী বৃক্ষরোপণ’ কর্মসূচির আয়োজন করে। উপাচার্য মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি নিম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি সচেতনতামূলক র্যালিরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেডআরএফ-এর মনিটর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: মাছুদুর রহমান এবং সদস্য কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণেও জেডআরএফ-এর উদ্যোগে অনুরূপ একটি কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে নিম গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন জেডআরএফ-এর ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।





















