শিক্ষকদের ডিজিটাল জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে শেকৃবিতে কর্মশালা অনুষ্ঠিত

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

শেকৃবি প্রতিনিধি:শিক্ষকদের ডিজিটাল জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে “Workshop on Empowering Educators through Digital Knowledge Enhancement under the HEAT Project” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) আয়োজিত এবং হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায় পরিচালিত এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ডিজিটাল জ্ঞান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের সক্ষমতা এবং আধুনিক শিক্ষাকার্যক্রমে প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (BdREN) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তৌরিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান যুগে শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার গুণগত উৎকর্ষ অর্জনে ডিজিটাল দক্ষতা অপরিহার্য। এ ধরনের উদ্যোগ শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “বর্তমান বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। আধুনিক প্রযুক্তিকে আমাদের গ্রহণ করতে হবে এবং এর সঠিক জ্ঞান যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।

কর্মশালায় সভাপতিত্ব করেন (HEAT) প্রকল্পের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালার বিভিন্ন সেশনকে অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী বলে অভিহিত করেন এবং উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।