এগ্রিলাইফ প্রতিনিধি:খামারের সার্বিক ব্যবস্থাপনা উন্নত হলে প্রাণিসম্পদের স্বাস্থ্য ভালো থাকে, উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়। এ লক্ষ্য বাস্তবায়নে প্রান্তিক খামারিদের নিয়মিত প্রযুক্তিগত সহায়তা, পরামর্শ সেবা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে চলেছে "পুষ্টিরাজ ফিড"।
আজ শনিবার (২৭ জুন, ২০২৬) গাজীপুরের শ্রীপুরের শিমুলতলার মেসার্স সামিয়া পোল্ট্রি ফার্মে খামারিদের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, রোগজনিত ক্ষতি হ্রাস এবং খামার পরিচালনায় দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সহায়তামূলক সেমিনারের আয়োজন করে পুষ্টিরাজ ফিড।
বক্তারা অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেন যে, আমাদের প্রান্তিক পর্যায়ের খামারিরা অত্যন্ত কষ্ট করে আজ পোল্ট্রি শিল্পকে এই শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছেন। দেশের আমিষের চাহিদা পূরণ ও অর্থনৈতিক চাকা সচল রাখতে তাদের এই অবদান অতুলনীয়। তাই প্রান্তিক খামারিদের লোকসানের ঝুঁকি কমিয়ে অধিক লাভজনক ও টেকসই উৎপাদনের মাধ্যমে সফলতার পথে এগিয়ে নিতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা ও নিয়মিত কারিগরি সহায়তা নিশ্চিত করাই নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান চাবিকাঠি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টিরাজ ফিডের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার (বিক্রয় ও বিপণন) ডা. শাহাবুদ্দিন আহমেদ। খামারিদের উদ্দেশ্যে আধুনিক ও লাভজনক খামার ব্যবস্থাপনার ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র এজিএম (টেকনিক্যাল সার্ভিস) ডা. সালাউদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে খামারিদের উৎসাহিত করেন কৃষিবিদ মোঃ আল আমিন দেওয়ান, সিনিয়র ডিজিএম (বিক্রয় ও বিপণন); মোঃ ফেরদৌস জামান, এজিএম (বিক্রয় ও বিপণন); সুমন কুমার রায়, ম্যানেজার (বিক্রয় ও বিপণন) এবং মোঃ সামিউল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন হাফেজ হাফিজ উদ্দিন। পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান করেন মেসার্স সামিয়া পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মোঃ আব্দুল আজিজ।
মাঠ ভিত্তিক এই কারিগরি সেমিনারটি স্থানীয় খামারিদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এলাকার বিপুল সংখ্যক প্রান্তিক পোল্ট্রি খামারি এই সেমিনারে অংশ নেন এবং আধুনিক খামার পরিচালনায় পুষ্টিরাজ ফিডের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।





















