নিজস্ব প্রতিবেদক:দেশের বাণিজ্যিক পোল্ট্রি খামারিদের ডিমের লাভজনক বিক্রয়মূল্য নিশ্চিতকরণ এবং প্রান্তিক খামারিদের সুরক্ষায় একটি জাতীয় ডিজিটাল ডাটাবেজ চালুর দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ) । আজ ১১ জুলাই ২০২৬, শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের (বিপিআইএ) সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক (মহাসচিব) এম. সাফির রহমান। সংবাদ সম্মেলনটি উপস্থাপনা করেন সংগঠনের প্রচার সম্পাদক ড. শফিকুল ইসলাম।
মানববন্ধনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কয়েক হাজার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক খামারি অংশ নিয়ে তাদের চরম দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরেন।
বিপিআইএ সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী জানান, ২০২০ সালের আগে বাংলাদেশে পোল্ট্রি খামারির সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ । কিন্তু ফিড, বাচ্চা, ওষুধ, ভ্যাকসিন, বিদ্যুৎ, গ্যাস ও পরিবহনসহ প্রতিটি উৎপাদন উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে গত পাঁচ বছরে প্রায় ৬৪ হাজার খামারি এই খাত থেকে ঝরে পড়েছেন । বর্তমানে এই সংখ্যা কমে মাত্র ১ লক্ষ ৩৬ হাজারে নেমে এসেছে । তিনি সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ডিমের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, যা দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
বিপিআইএ-এর প্রধান দাবি ও প্রস্তাবনাসমূহ:
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ সরকারের কাছে বেশ কয়েকটি জরুরি দাবি পেশ করেন
১. ডিমের লাভজনক বিক্রয়মূল্য নির্ধারণ: ধান বা আখের মতো পোল্ট্রি খাতেও উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে ডিমের একটি যৌক্তিক ন্যূনতম বাজারমূল্য (ফেয়ার প্রাইস) নিশ্চিত করতে হবে
২. জাতীয় ডিজিটাল ডাটাবেজ ও Farmer ID: প্রকৃত খামারিদের চিহ্নিত করা, সরকারি প্রণোদনা ও স্বল্পসুদে ঋণ সরাসরি পৌঁছে দেওয়ার জন্য অবিলম্বে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং নিবন্ধিত খামারিদের জন্য ‘খামারি পরিচয়পত্র’ (Farmer ID) চালু করতে হবে ।
৩. অবকাঠামো ও কোল্ড স্টোরেজ: উপজেলা পর্যায়ে ও পোল্ট্রি খামারঘন অঞ্চলে ডিম সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে খামারিরা কম দামে ডিম বিক্রি করতে বাধ্য না হন
৪. পোল্ট্রি বীমা ও স্থায়ী বোর্ড গঠন: প্রান্তিক খামারিদের সুরক্ষায় বিশেষ কর্মসূচি ও পোল্ট্রি বীমা চালু করতে হবে
এছাড়া সরকারি-বেসরকারি সমন্বয়ে একটি স্থায়ী ‘বাংলাদেশ জাতীয় পোল্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড’ গঠনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বিপিআইএ-এর অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো: আসাদুজ্জামান মেজবা, যুগ্ম মহাসচিব আলমগীর হোসেন ও অঞ্জন মজুমদার, বিপিআইএ সদস্য ডা: নারায়ন চন্দ্র বনিক এবং সংগঠনের উপদেষ্টা কামাল আহমেদ নান্নু।
নেতৃবৃন্দ বলেন, "আমরা কোনো ভর্তুকিনির্ভর শিল্প চাই না; আমরা চাই একটি ন্যায্য, স্বচ্ছ ও টেকসই বাজার ব্যবস্থা, যেখানে উৎপাদক ন্যায্য মূল্য পাবেন এবং ভোক্তারাও সহনীয় দামে নিরাপদ খাদ্য পাবেন" । এই সংকট উত্তরণে তারা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এবং গণমাধ্যমের জোরালো সহযোগিতা কামনা করেন।



