নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের উচ্চফলনশীল জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ আজ বরিশালে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে শহরতলী রহমতপুরে অবস্থিত বিনার হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিসের পরিচালক ড. মো. লুৎফর রহমান মোল্যা, বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেজা মোহাম্মদ ইমন, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম।
অনুষ্ঠানে বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোহা. আব্দুর রউফ, বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এস এম নাহিদ বিন রফিক, কৃষক মো. গোলাম কবির অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতাধীন ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আমরা পরমাণুশক্তি প্রয়োগ করে ফসলের জাত উদ্ভাবন করি। এজন্য বিনার জাতগুলো ভালো হয়। এপর্যন্ত ২২ টি ফসলের ১৩৯ টি জাত উন্মুক্ত করা হয়েছে। এর মধ্যে যেগুলো আপনাদের কাছে উপযোগী মনে হয়, সেগুলো মাঠে ব্যবহার করবেন। একই সাথে সুষম সার ব্যবস্থাপনা আর সময়মতো পরিচর্যা করলে শতভাগ ফলন পাবেন ইনশা-আল্লাহ।
বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন জানান, প্রশিক্ষণ অনুষ্ঠানে ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি হারে বিনাধান-২০ এবং বিনাধান-২৬ এর যেকোনো একটি জাতের ধানবীজ বিনামূল্যে বিতরণ করা হয়।



