এগ্রিলাইফ২৪ ডটকম:খাগড়াছড়িতে "কাজুবাদাম ও কফি গবেষণার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয়" শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০১ আগস্ট ২০২৬) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে "কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (বারি অংশ)"-এর অর্থায়নে এ কর্মশালার আয়োজন করে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, বারি, খাগড়াছড়ি।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ সালাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: মোক্তার হোসেন,যুগ্মসচিব (গবেষণা),কৃষি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আলতাফ হোসেন, সাবেক প্রকল্প পরিচালক (পিডি), কফি ও কাজুবাদাম প্রকল্প; সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা বিভাগ, বারি, গাজীপুর এবং অবসরপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ি। তাঁর উপস্থাপনায় পার্বত্য অঞ্চলে কাজুবাদাম ও কফি চাষের বর্তমান গবেষণা কার্যক্রম, উৎপাদন সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞানী, কৃষি বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। বক্তারা কাজুবাদাম ও কফিকে উচ্চমূল্যের অর্থকরী ফসল হিসেবে প্রতিষ্ঠিত করতে সমন্বিত গবেষণা কার্যক্রম জোরদার, উন্নত ও মানসম্মত চারা উৎপাদন, কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক চাষাবাদ প্রযুক্তির সম্প্রসারণ এবং কার্যকর বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমের সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে কাজুবাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে, যা কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



