এগ্রিলাইফ২৪ ডটকম:খাগড়াছড়িতে বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভিং ইন ভলনারেবল ল্যান্ডস্কেপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্প এলাকার জন্য নতুন ফসল নির্বাচন বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর পার্বত্য কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ির কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে বিসিআরএল প্রকল্প, ঢাকা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খাগড়াছড়ি।
কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ, অতিরিক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. জাকির হোসেন, পরিচালক (প্রশাসন ও অর্থ শাখা), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন মো. রওশন আলম, পরিচালক (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ নাসির উদ্দিন চৌধুরী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ লোকমান হোসাইন মজুমদার, কম্পোনেন্ট ডিরেক্টর, বিসিআরএল প্রকল্প, ঢাকা।
কর্মশালায় পার্বত্য অঞ্চলের জলবায়ু, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং কৃষকদের চাহিদা বিবেচনায় রেখে চাষযোগ্য নতুন ফসল ও উন্নত জাত নির্বাচন, উৎপাদন সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নতুন সম্ভাবনাময় ফসল চিহ্নিতকরণ, গবেষণা-সম্প্রসারণ কার্যক্রমের সমন্বয় এবং কৃষকদের আয় বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন পার্বত্য জেলার উপপরিচালক, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞানী, কৃষি বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন এলাকার হেডম্যান-কারবারী, তরুণ কৃষি উদ্যোক্তা এবং কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।



