পবায় গবাদিপ্রাণী-পোল্ট্রি রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

কৃষি পরামর্শ
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম: রাজশাহীর পবায় ‘বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী “গবাদিপ্রাণী-পোল্ট্রি রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আঞ্চলিক উন্নয়ন সংস্থা ও পাওয়াফুল এগ্রোভেট বাংলাদেশ।

শনিবার (১৬ মে) সকাল ১০ টায় আর সি সি পুকুরিয়া হোপ, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল- এর বাস্তবায়নে ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস) ও কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড- এর সহযযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনুল আবেদীন। এসময় তিনি বলেন, গবাদিপ্রাণী ও রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা এবং প্রাণিজ খাবার নিরাপদ, পুষ্টিকর ও টেকসই পদ্ধতিতে উৎপাদনে পশুপালনকারী ও খামারিদের প্রাণিচিকিৎসকগন যুগোপযোগী পরামর্শ দিয়ে থাকেন। জনস্বাস্থ্য ও টেকসই প্রাণিসম্পদ উন্নয়নে প্রাণিচিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা আয়বর্ধকমূলক কাজ করুন।  নিজের উন্নয়নের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করুন।সচেতনতামূলক কার্যক্রমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস) সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ।

তিনি বলেন, "প্রাণী ও মানুষের স্বাস্থ্য পরস্পর নির্ভরশীল। প্রাণিসম্পদের স্বাস্থ্যই নিশ্চিত করে নিরাপদ খাদ্য ও সবল পৃথিবী। পোষা প্রাণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। প্রান্তিক পর্যায়ের গবাদিপ্রাণী পালনকারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই আয়োজন। সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগে 'এক স্বাস্থ্য’ পদ্ধতিকে দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এর ডা: রাকিব হাসান, রিজিওনাল সেলস ম্যানেজার মশিউর রহমান, পোল্ট্রি এসোসিয়েশন রাজশাহীর সাধারণ সম্পাদক মো: এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ এসএএলও আব্দুস সালাম, পাওয়ার এগ্রোভেট বাংলাদেশ- এর চেয়ারম্যান মোসা: সেলিনা বেগম, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, মোগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সরকার (দুলাল), সোনারদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান পলাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে প্রান্তিক পর্যায়ের পশুপালনকারী নারী ও পুরুষ এবং স্থানীয় খামারিগণ। মূলত এই প্রান্তিক পর্যায়ের পশুপালনকারী নারী ও পুরুষদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এসময় গৃহপালিত গবাদিপশুর রোগ প্রতিরোধে কিভাবে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় টিকা ও ওষুধসহ বিভিন্ন সেবা দেওয়া যাবে সে বিষয়ে অবহিত করা হয়। এসময় এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ পেয়ে তাঁরা আনন্দিত।