নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল সদরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসের উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়। সদরের উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদরের জাতীয়তাবাদী দলের আহবায়ক আলহাজ মো. নুরুল আমিন।
কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক, চরমোনাই ব্লকের পশুড়িকাঠি পার্টনার ফিল্ড স্কুলের সদস্য সালমা আক্তার এবং চর আইচা ব্লকের কৃষক আল মনির খান বক্তব্য রাখেন। সমাবেশে অতিরিক্ত কৃষি অফিসার নাহিদ আফরিন এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কৃষক-কিষাণী, গণমাধ্যমকর্মী মিলে ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বরিশালের কৃষি বেশ চ্যালেঞ্জিং। আছে যথেষ্ট সম্ভাবনাও। এ অঞ্চলের অধিকাংশ জায়গায় বেড়িবাঁধ ও স্লুইসগেট না থাকায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া প্রাকৃতিক সমস্যার কারণে দেশের অন্য স্থানের তুলনায় আমরা কিছুটা পিছিয়ে আছি। তবে কৃষকদের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে পারলে দক্ষিণাঞ্চলের কৃষির সেই হারানো ঐতিহ্য ফিরে আসবে। তিনি আরো বলেন, ’চুয়াত্তরে সাড়ে ৭ কোটি মানুষের দেশে দুর্ভিক্ষ হলেও আজ ১৮ কোটি লোকের বাংলাদেশে খাবারের অভাব নেই। আছে দানাশস্যে উদ্বৃত্ত। আমরা কৃষকের পাশেই আছি। কৃষক এবং কৃষি বিভাগের প্রচেষ্টায় আগামী কৃষি হবে আরো সমৃদ্ধ।


