এগ্রিলাইফ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় গত ১৯ মে মঙ্গলবার “স্বাস্থ্যকর পশু, সমৃদ্ধ খামার” শীর্ষক গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। যৌথভাবে সেমিনারের আয়োজন করে আর আর পি ফার্মাসিউটিক্যাল (ভেটেরিনারি) ও রফিক মেডিসিন বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার ডা. মামুনুর রশিদ, ডা. জোনাব আলীসহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
সেমিনারে অত্র এলাকার প্রশিক্ষিত লাইভস্টক সার্ভিস প্রোভাইডাররা অংশগ্রহণ করেন এবং গবাদি পশুর রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসেবা ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ কারিগরি দিকনির্দেশনা লাভ করেন।
বক্তারা বলেন, দেশের অধিকাংশ ক্ষুদ্র ও প্রান্তিক খামারি দুই থেকে তিনটি গবাদি পশু লালন-পালনের মাধ্যমে পরিবার পরিচালনা করেন এবং কোরবানির ঈদসহ বিভিন্ন সময় গরু বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। তাই তৃণমূল পর্যায়ে সহজ ও মানসম্মত প্রাণী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।
অংশগ্রহণকারী লাইভস্টক সার্ভিস প্রোভাইডাররা আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পেলে তারা খামারিদের পাশে থেকে উন্নত সেবা প্রদান করতে পারবেন এবং নিরাপদ ও সমৃদ্ধ খামার গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে জানান।


