মো: এমদাদুল হক:গত ১৩ জুন উপজেলা পরিষদ হলরুমে ২০২৫–২৬ অর্থবছরের খরিফ-১/২০২৫–২৬ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজ (কন্দ), রোপা আমন, মরিচ এবং ফল ও বৃক্ষের চারা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, রাসায়নিক সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের পাশে সরকারের চলমান সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি কৃষকদের সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে প্রণোদনার উপকরণ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা। তিনি রাজশাহীর কৃষি উন্নয়নে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা পারভিন লাবনী। তিনি উপস্থিত সকল অতিথি, কৃষক ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রণোদনা কর্মসূচির উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও বিতরণকৃত কৃষি উপকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য তিনি সকল সম্মানিত অতিথি, কৃষক ভাই-বোন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।





















