রাঙ্গামাটিতে পার্টনার প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

কৃষি পরামর্শ
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি খাতে টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার (PARTNER) প্রকল্পের আওতায় একদিনব্যাপী আঞ্চলিক কর্মশালা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২২ জুন ২০২৬ ইং) রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন হলিডে কমপ্লেক্সের কনফারেন্স হলে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুর রহমান মণ্ডল, পরিচালক (সরেজমিন উইং), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. গৌড় গোবিন্দ দাস, অতিরিক্ত প্রকল্প পরিচালক, পাটনার প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা; মোঃ একরাম উদ্দিন, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাঙ্গামাটি; মোঃ সিরাজুল ইসলাম, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), খাগড়াছড়ি এবং মোঃ দিদারুল আলম, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সি, চট্টগ্রাম। এছাড়াও রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকগণ, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, কৃষি মণ্ত্রনালয় সংশ্লিষ্ট দপ্তর ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও কৃষক কৃষাণী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলী জিন্নাহ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চল। কর্মশালাটি সঞ্চালনা করেন শাহনাজ পারভিন, উপজেলা কৃষি অফিসার, রাঙ্গামাটি সদর।

কর্মশালায় পার্বত্য অঞ্চলে পার্টনার প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন, আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওবায়দুর রহমান মণ্ডল বলেন, দেশের কৃষিকে আরও লাভজনক, টেকসই ও বাজারমুখী করতে পাটনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কৃষি সম্প্রসারণ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করার আহ্বান জানান এবং কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তি দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা পার্বত্য অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় কৃষি উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং কৃষির টেকসই উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেন।

আঞ্চলিক এ কর্মশালায় তিন পার্বত্য জেলার কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।