এগ্রিলাইফ২৪ ডটকম:বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কাজুবাদাম ও কফির প্রদর্শনী স্থাপনের জন্য চারা এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৫ জুন ২০২৬ খ্রি.) আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার উপপরিচালক কৃষিবিদ জনাব আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ জনাব সুমন কুমার বসাক, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ জনাব তৌফিক আহমেদ নুর এবং রোয়াংছড়ি উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোঃ এহসানুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব রিটন কান্তি তালুকদার, জনাব আল বেলাল, ওয়ে ওয়ে ফ্রু মারমা, দেবপ্রিয় বড়ুয়া, উবাচিং মারমাসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।
অনুষ্ঠানে বক্তারা পাহাড়ি অঞ্চলের কৃষি বৈচিত্র্য বৃদ্ধি, কৃষকের আয় উন্নয়ন এবং টেকসই কৃষি সম্প্রসারণে কাজুবাদাম ও কফি চাষের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পার্বত্য অঞ্চলের জলবায়ু ও ভূমিরূপ কাজুবাদাম ও কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী। পরিকল্পিতভাবে এ দুইটি অর্থকরী ফসলের চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব হবে।
পরে প্রকল্পের আওতায় নির্বাচিত কৃষকদের মাঝে কাজুবাদাম ও কফির উন্নতমানের চারা এবং প্রদর্শনী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। কৃষকরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সফলভাবে প্রদর্শনী বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে পার্বত্য এলাকার সম্ভাবনাময় কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।





















