এগ্রিলাইফ২৪ ডটকম: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মকে সবুজায়নের প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের উদ্যোগে রাজশাহীর প্রত্যাশা আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ ও রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১টায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের প্রিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ শাহ আলম, রোটারিয়ান ইঞ্জি. শরীফুল ইসলাম, উপাধ্যক্ষ আতিকুর রহমান, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, পরিবেশবিদ মিজানুর রহমান, রোটারিয়ান ড. মো. গোলাম মওলা (অধ্যক্ষ, প্রত্যাশা আইডিয়াল একাডেমি), ইঞ্জি. মুর্শেদ, প্রত্যাশা আইডিয়াল একাডেমির চেয়ারম্যান মোবাশ্বের আলীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “একটি গাছ, একজন ছাত্র” (One Tree One Student)। এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ বা বনজ গাছের চারা তুলে দেওয়া হয়, যাতে তারা নিজেরাই গাছ রোপণ ও পরিচর্যা করতে পারে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং গাছের প্রতি দায়িত্ববোধ তৈরিই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ তাঁর বক্তব্যে বলেন, “শুধু গাছ লাগালেই হয় না, তার সঠিক পরিচর্যাও জরুরি। তাই এবার ক্লাব এমন একটি প্রকল্প হাতে নিয়েছে, যেখানে প্রতিটি ছাত্র নিজ হাতে গাছ রোপণ করবে এবং তার বাড়তি যত্ন নেবে—এটাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিবেশবিদ মিজানুর রহমান গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, “একটি গাছ বছরে যে পরিমাণ অক্সিজেন দেয়, তা অন্তত চারজন মানুষের জন্য পর্যাপ্ত। ফলজ গাছ যেমন পুষ্টি জোগায়, বনজ গাছ তেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা করে। আমাদের প্রত্যেকের উচিত বছরে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যা করা।”
এ সময় ইঞ্জি. শরীফুল ইসলাম ও প্রফেসর ড. সৈয়দ শাহ আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, বাতাসের বিষাক্ততা কমায়, মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি গাছই পারে একটি পরিবেশকে সবুজায়িত করতে। তাই আজকের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
প্রত্যাশা আইডিয়াল একাডেমির চেয়ারম্যান মোবাশ্বের আলী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষার্থীরা যখন নিজ হাতে গাছ রোপণ করবে, তখন তারা প্রকৃতির সঙ্গে একটি নিবিড় সম্পর্ক গড়ে তুলবে। এটি তাদের মানসিক ও নৈতিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে গাছের চারা গ্রহণ করে এবং বিদ্যালয় প্রাঙ্গণ ও নিজ নিজ বাড়িতে তা রোপণের অঙ্গীকার করে। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।



