জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সমসাময়িক
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও আদর্শ ধারণ করে দুর্নীতিমুক্ত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন,  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, "তাঁর ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাঁর নেতৃত্ব, দেশপ্রেম ও সাহসিকতা স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয়। তাঁর আদর্শ বুকে ধারণ করে আমরা আগামী দিনের পথ চলতে চাই।"  

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী। স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় স্বার্থ রক্ষায় তাঁর অবদান জাতিকে আজও অনুপ্রাণিত করে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন এবং জনগণের কল্যাণে কথা বলেছেন। তিনি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার প্রতিটি পর্যায়ে দেশের মানুষের মঙ্গলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তাঁর নেতৃত্বকে বাংলাদেশের জনগণ গ্রহণ ও সমর্থন করেছে। 

তিনি আরো বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও টিকে আছে এবং সংগঠন হিসেবে আরও সুদৃঢ় হয়েছে। এই দীর্ঘ সময়ের সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা আরও দৃঢ়, সংগঠিত ও শক্তিশালী হয়েছে- যেমন স্বর্ণের মতো খাঁটি এবং ইস্পাতের মতো কঠিন।

প্রতিমন্ত্রী বলেন, "বর্তমানে আমরা লক্ষ্য করছি, একটি দল মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে নানাভাবে বিকৃত করার চেষ্টা চালাচ্ছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।" 

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।