দেশের প্রথম পেট সামিটের ঘোষণা, বাসাভার সেমিনার ও বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন

সমসাময়িক

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি এসোসিয়েশন (বাসাভা)-এর উদ্যোগে রাজধানীর বাংলাদেশ (ভটেরিনারি কাউন্সিল মিলনায়তনে গতকাল ২৭ জুন ২০২৬ এ "Seminar on Avian Influenza in Cat: Indication of Cross Species Barrier and Installation of Divisional Committees of BASAVA" শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনার এবং সংগঠনের নবগঠিত বিভাগীয় কমিটিসমূহের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি এসোসিয়েশন (বাসাভা) এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কে. এইচ. এম. নাজমুল হোসাইন নাজির স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে তিনি দেশের স্মল এনিম্যাল চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সকল ভেটেরিনারি চিকিৎসকের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি এসোসিয়েশনের বিভিন্ন বিভাগীয় কমিটির নবনিযুক্ত সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে অভিনন্দন জানান এবং দেশের প্রতিটি অঞ্চলে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, কার্যকর ও জনসম্পৃক্ত করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এরপর অনুষ্ঠিত সায়েন্টিফিক সেমিনারে ডা. মো. গোলাম আজম চৌধুরী, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বিড়ালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বৈশ্বিক পরিস্থিতি, বিভিন্ন প্রাণীর মধ্যে রোগ সংক্রমণের সম্ভাবনা, রোগ শনাক্তকরণ, প্রতিরোধ ব্যবস্থা, নজরদারি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি চিকিৎসকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এ ধরনের সংক্রামক রোগ মোকাবিলায় গবেষণা, সচেতনতা এবং সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর উপস্থিত ভেটেরিনারি চিকিৎসকদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন, মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডা. মো. তারেক হোসাইন, উপপরিচালক (প্রশাসন), প্রাণিসম্পদ অধিদপ্তর; ডা. গোপাল চন্দ্র বিশ্বাস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল; এবং ডা. মো. জামাল উদ্দিন, ভেটেরিনারি অফিসার, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল। 

বাসাভার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ মোঃ জাফরুল হাসান শুভ-এর সঞ্চালনায় দিনব্যাপী আযোজিত এই অনুষ্ঠানে বক্তারা স্মল এনিম্যাল চিকিৎসার মানোন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, অব্যাহত পেশাগত শিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার প্রসারে বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি এসোসিয়েশন (বাসাভা) এর সভাপতি ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রাণী চিকিৎসার বিকাশ, দক্ষ মানবসম্পদ গঠন, আধুনিক জ্ঞানচর্চা এবং দেশব্যাপী সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ভবিষ্যতেও নিয়মিত সায়েন্টিফিক সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচি এবং পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাসে দেশের সকল পেট প্র্যাক্টিশনারদের নিয়ে কক্সবাজারে বাংলাদেশের প্রথম পেট সামিট করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের প্রতিনিধি, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা, দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভেটেরিনারি চিকিৎসক, গবেষক এবং পেশাজীবীগণ অংশগ্রহণ করেন।

পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, বক্তা, অংশগ্রহণকারী এবং আযোজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশের প্রাণী চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, বৈজ্ঞানিক গবেষণার প্রসার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি এসোসিয়েশনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।