বর্ণিল আয়োজনে সিভাসু’তে অনুষ্ঠিত হলো ‘ফুড ফেস্টিভ্যাল ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’

সিভাসু প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হয়েছে ‘ফুড ফেস্টিভ্যাল ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের উদ্যোগে দিনব্যাপী এসব অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনের অনুষ্ঠানমালা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: ফয়সাল, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমসহ অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। ফুড ফেস্টিভ্যালে সর্বমোট ১২টি স্টল ছিল। স্টলগুলোতে স্থান পায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন ধরনের মুখরোচক পিঠা ও হরেক রকম উপাদেয় খাবার। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষ্যে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল-ফ্ল্যাশমব, ইন্টার-ফ্যাকাল্টি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।