
সিকৃবি প্রতিনিধি: সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, “ভেটেরিনারিয়ানরা নিঃসন্দেহে আমাদের সমাজের নীরব অভিভাবক। তারা শুধু প্রাণীর চিকিৎসক নন বরং নিরাপদ খাদ্য উৎপাদন, রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই কৃষি ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি। খামার থেকে খাবারের টেবিল পর্যন্ত প্রতিটি ধাপে তাদের অবদান অনস্বীকার্য।
আ্জ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের বিশ্বে জুনোটিক রোগ, খাদ্য নিরাপত্তা সংকট এবং পরিবেশগত চ্যালেঞ্জের প্রেক্ষাপটে ভেটেরিনারি পেশার গুরুত্ব আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। একটি সুস্থ জাতি গঠনে নিরাপদ খাদ্য ও সুস্থ প্রাণিসম্পদের কোনো বিকল্প নেই। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমাদের ভেটেরিনারিয়ানগণ অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও মানবিকতা দিয়ে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষ ও মানবিক পেশাজীবী গড়ে তুলতে কাজ করছে, যারা দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে এবং কাজী ফার্মস, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডক্টরস এগ্রোভেট লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সহযোগিতায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম. মাহবুব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. আবু জাফর মোঃ ফেরদৌস।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ও বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের আহবায়ক ডাঃ সফিউল আহাদ সরদার।
বক্তারা ভেটেরিনারি চিকিৎসা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিশ্ব ভেটেরিনারি দিবস পালনের লক্ষ্য হলো প্রাণীর স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং ভেটেরিনারিয়ানদের অবদানের যথাযথ স্বীকৃতি প্রদান।
























