বরিশালে বীজ প্রত্যয়ন এজেন্সির সেমিনার অনুষ্ঠিত

কৃষি পরামর্শ
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বীজ প্রত্যয়ন এজেন্সির ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর সাগরদিতে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক ড. মো. জাকির হোসেন। আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার (ভারপ্রাপ্ত) এসএম বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার এবং বীজ প্রত্যয়ন এজেন্সির অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. সাইফুল আলম। 

দিনব্যাপি এই সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান, ভোলার উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস, পটুয়াখালীর উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের উপপরিচালক  অপূর্ব অধিকারী, ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বরিশালের উপপরিচালক কিশোর কুমার বিশ্বাস, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভোলার উপপরিচালক (টেকনিক্যাল) আনিসুর রহমান, বোরহানউদ্দিন উপজেলার ধান ও আলু বীজ উৎপাদক মো. নাজিমউদ্দিন প্রমুখ। সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বীজ উৎপাদনকারী সংস্থা এবং বীজ ডিলারসহ ৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের চাহিদা অনুযায়ী খাদ্য সরবরাহের জন্য ফসলের অধিক উৎপাদনশীল জাত কৃষকের কাছে পৌঁছিয়ে দিতে হবে। আর তা মানসম্পন্ন হওয়া চাই। এজন্য বীজ উৎপাদনে অবশ্যই বীজের নীতিমালা অনুসরণ করতে হবে। এখন ধানের উচ্চফলনশীল অনেক ইনব্রিড জাতের ফলন হেক্টরপ্রতি ৭-৮ টন পাওয়া যায়। তাই বোরো মৌসুমে ১০ টনের নিচে কোনো হাইব্রিড জাত ব্যবহার ঠিক হবে না। একই সাথে বীজের বাজারমূল্যে বেশি পার্থক্য যেন না হয়। কৃষি সংশ্লিষ্ট সবাই এক সাথে মিলেমিশে কৃষকদের সহযোগিতা করলে দেশ খাদ্যউদ্বৃত্তে পরিণত হবে।  পাশাপাশি দেশের অর্তনীতিও  হবে মজবুত।