সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

সমসাময়িক
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাব (SAUEC) এবং পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে  ‘সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ মে) সকাল ৯টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০০ শিক্ষার্থী, তরুণ পরিবেশকর্মী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।

পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে অনুষ্ঠিত হয় সিলেট বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড, আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা, প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী, প্রবন্ধ লেখা, ফটোগ্রাফি, পোস্টার উপস্থাপনা, ওয়াল ম্যাগাজিন এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন পরিবেশভিত্তিক কার্যক্রম। সম্মেলনে পরিবেশ অলিম্পিয়াডসহ মোট ৭টি প্রতিযোগিতার ৫টি ক্যাটাগরিতে ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলিমুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দীন আহমেদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খানের সভাপতিত্বে আয়োজনের আহ্বায়ক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাবের সভাপতি সাফকাত তাসিন এবং কোষাধ্যক্ষ হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা প্রফেসর ওমর শরীফ। 

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, ‘সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬’ তরুণদের জন্য পরিবেশ ও জলবায়ুবিষয়ক জ্ঞান, গবেষণা, নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে তরুণ সমাজকে আরও সক্রিয় ও সচেতন করে তুলবে।