এগ্রিলাইফ প্রতিবেদক: বিশ্বব্যাপী মৎস্য চাষ বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষার প্রগতিশীল ও টেকসই উন্নয়নে নিবেদিত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘ওয়ার্ল্ড অ্যাকোয়াকালচার সোসাইটি’ (WAS)-এর এশিয়া-প্যাসিফিক চ্যাপ্টারে স্টুডেন্ট ক্যাটাগরিতে সদস্যপদ লাভ করেছেন পুষ্টিবিদ সাইফি নাসির।
মৎস্য পুষ্টি ও মৎস্য চাষাবাদের গবেষণায় বিশেষ অবদান ও নিবেদিতভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ তিনি এই গৌরব অর্জন করেন।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাঁর এই সদস্যপদটি মঞ্জুর করা হয়, যার সদস্যপদ নম্বর ২০২৬০৫৪৪। মৎস্য চাষ শিল্পের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এই তরুণ গবেষকের অন্তর্ভুক্তি দেশের মৎস্য বিজ্ঞান ও গবেষণা খাতের জন্য একটি বড় সাফল্য।
উল্লেখ্য, ১৯৬৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ওয়ার্ল্ড মেরিকালচার সোসাইটি’ হিসেবে যাত্রা শুরু করা এই সংস্থাটি ১৯৮৬ সালে মিঠা পানির এবং অভ্যন্তরীণ মৎস্য চাষ পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে ‘ওয়ার্ল্ড অ্যাকোয়াকালচার সোসাইটি’ (WAS) নামে রূপান্তরিত হয়। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১০০টি দেশের ৩,০০০-এরও বেশি গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও মৎস্যচাষী এই সংস্থার সাথে যুক্ত রয়েছেন। বৈশ্বিক জলজ চাষ উৎপাদনে এশিয়ার আধিপত্যের কথা বিবেচনা করে ১৯৯৬ সালে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘এশিয়া-প্যাসিফিক চ্যাপ্টার’ গঠিত হয়, যেখানে এবার স্থান করে নিলেন সাইফি নাসির।
এই অর্জনের মাধ্যমে সাইফি নাসির বিশ্বমঞ্চে টেকসই জলজ খাদ্য উৎপাদন ও মৎস্য পুষ্টির আধুনিক প্রযুক্তিগত তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক গবেষকদের সাথে যৌথভাবে কাজ করার অনন্য সুযোগ পাবেন।



