শেকৃবিতে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেকৃবি প্রতিনিধি: আজ সকাল ৯:৩০টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ডিজিটাল সেমিনার কক্ষে "Hands-on Training on Strengthening Good Governance in Higher Education Institutions through E-Nothi: Transparency, Efficiency and Accountability" শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শেকৃবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে রেজিস্ট্রার দপ্তর, প্রক্টর অফিস, প্রশাসন শাখা, প্রকৌশল শাখা, কেন্দ্রীয় লাইব্রেরি, জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এবং অর্থ ও হিসাব শাখার মোট ২৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, বিশ্বব্যাপী সকল প্রতিষ্ঠান এখন ডিজিটাল পদ্ধতিতে তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে। আমরা যদি এই প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কাজ পরিচালনা করতে পারি, তাহলে কাজের গতি বৃদ্ধি পাবে, স্বচ্ছতা নিশ্চিত হবে এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এস. এম. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউরেস-এর পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, লাইব্রেরিয়ান ড. মোঃ আনোয়ারুল ইসলাম এবং রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী।