
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান। ছাত্র বিষয়ক উপদেষ্টা ও টুর্নামেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আসাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।
দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ১৩টি ইভেন্টে মোট ২২টি ক্যাটাগরিতে অংশ নেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে চ্যাম্পিয়ন হয় ফজলুল হক হল এবং রানার্সআপ হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল। ছাত্রী হলের মধ্যে চ্যাম্পিয়ন হয় বেগম রোকেয়া হল এবং রানার্সআপ হয় তাপসী রাবেয়া হল।
এছাড়া ছাত্রদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবু সাঈদ নিলয় এবং ছাত্রীদের মধ্যে সেরা খেলোয়াড় হন বেগম রোকেয়া হলের আফসানা পারভীন বৃষ্টি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী বছর থেকে নির্ধারিত সময় অনুযায়ী এ প্রতিযোগিতা আয়োজন করা হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট হলগুলোর প্রভোস্ট ও হাউজ টিউটরদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট ও হাউজ টিউটর, বিভাগীয় প্রধান, অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























